
চট্টগ্রামের লোহাগাড়ায় ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ফরহাদ হোসেন আসহাব (১১) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়নের নেয়াজরটেক এলাকায় তালিমুল কুরআন মাদ্রাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসহাব উপজেলার কলাউজান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মিয়াজিপাড়া এলাকার মো. ফারুকের ছেলে এবং তালিমুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাদ্রাসার মাঠে বন্ধুদের নিয়ে ফুটবল খেলছিল আসহাব। খেলার সময় একপর্যায়ে বলটি মাদ্রাসার ছাদে উঠে গেলে বলটি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে মাদ্রাসার শিক্ষকরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল থেকে থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।