
ভবিষ্যতে পাকিস্তানের নেতৃত্বে কি আবার দেখা যাবে বাবর আজমকে? দলের স্বার্থে আরেকবার দায়িত্ব নিতে দ্বিতীয়বার ভাববেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক। শেষবার ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়কত্ব করেছিলেন তিনি।
এক সংবাদ সম্মেলনে বাবর বললেন, ‘অধিনায়কত্বের ইস্যু এই মুহূর্তে অন্য বিষয়। আমি কেবল পাকিস্তান সুপার লিগ ফাইনাল নিয়ে ভাবছি। কিন্তু ভবিষ্যতে যদি এমন পরিস্থিতি আসে আমি পাকিস্তান ক্রিকেটের স্বার্থে যেটা করার দরকার সেটাই সবসময় করব।’
চলতি পিএসএলে দুর্দান্ত ফর্মে বাবর। তার ব্যাটে ধারাবাহিকভাবে রান দেখা যাচ্ছে। দুটি সেঞ্চুরিও রয়েছে। তার দল পেশোয়ার জালমিকে ফাইনালেও তুলেছেন। দলটির অধিনায়ক জানালেন, সমালোচনা এলেও সেদিকে কর্ণপাত না করে ক্রিকেট উপভোগ করে যান তিনি।
বাবর বললেন, ‘আমি ভালো করি বা না করি, সমালোচনা হবেই। তাই আমার এটা নিয়ে কিছু করার নেই। কিন্তু আমার ভক্ত ও সমর্থকদের কাছ থেকে আমি অনেক আত্মবিশ্বাস পাই। রোববারের ফাইনালে ভালো কিছু করতে আমি সত্যিই মুখিয়ে।’
২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাবর সব ফরম্যাটে নেতৃত্ব দেন। ওয়ানডে বিশ্বকাপের পর সরে দাঁড়ান। কিন্তু পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক থাকলেও দলের ব্যর্থতায় তাকে অপসারণ করা হয়।